মােঃ জানে আলম সাকী, ঢাকা:- দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান ও কমিশনার পদে নিয়োগের লক্ষ্যে ৫ সদস্যের একটি সার্চ (বাছাই) কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২২ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বে এই সার্চ কমিটি গঠন করা হয়েছে।
সার্চ কমিটির সদস্যবৃন্দ:
প্রজ্ঞাপন অনুযায়ী, আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন এই কমিটির অন্য সদস্যরা হলেন—
- হাইকোর্ট বিভাগের বিচারপতি রাজিক আল জলিল
- বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি)
- বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান এবং
- মন্ত্রিপরিষদ সচিব।
কমিটির কার্যপরিধি:
এই সার্চ কমিটি দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ও দুইজন কমিশনার পদের বিপরীতে নিয়োগের জন্য মোট ৬ জনের নাম রাষ্ট্রপতির কাছে সুপারিশ করবে। প্রস্তাবিত এই তালিকা থেকে রাষ্ট্রপতি তিনজনকে চূড়ান্ত নিয়োগ প্রদান করবেন, যাদের মধ্যে একজন হবেন সংস্থার পরবর্তী চেয়ারম্যান।
তিন মাস ধরে অচলবস্থা দুদকে:
দুদক সূত্র জানাচ্ছে, বিগত তিন মাস ধরে কমিশন শূন্য থাকায় সংস্থাটি কার্যত এক ধরনের অচলবস্থার মধ্যে রয়েছে। যদিও নিয়মিত অনুসন্ধান ও তদন্তের কাজ সচল রয়েছে, তবে কমিশনের চূড়ান্ত অনুমোদনের অভাবে অধিকাংশ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে। বিশেষ করে নতুন মামলা দায়ের, চার্জশিট অনুমোদন, সম্পত্তি জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধকরণ এবং সন্দেহভাজনদের বিদেশযাত্রা নিষিদ্ধ করার মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্যক্রমে স্থবিরতা তৈরি হয়েছে। নতুন এই সার্চ কমিটি গঠনের মধ্য দিয়ে দুদকের এই দীর্ঘমেয়াদী স্থবিরতা কাটবে বলে আশা করা হচ্ছে।