মােঃ জানে আলম সাকী, ঢাকা:- ইসলামী ব্যাংক কিংবা কোনো রাজনৈতিক দলকে ইসলামের সঙ্গে একাকার না করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, “ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়, আবার জামায়াতে ইসলামীও ইসলাম নয়। সব কিছুতে এভাবে ইসলামের দোহাই দেওয়া ঠিক নয়।”
মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে ইসলামী ব্যাংক সংক্রান্ত বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমানের আনা ৬৮ বিধির নোটিশের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
বিরোধী দলের সমালোচনা ও অভিযোগ
এর আগে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ইসলামী ব্যাংকের বর্তমান পরিচালনা পর্ষদ ও শীর্ষ ব্যবস্থাপনায় সাম্প্রতিক পরিবর্তনের তীব্র সমালোচনা করেন। তিনি অভিযোগ করে বলেন, এস আলম গ্রুপের লুটপাটের পর ব্যাংকটি যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল, তখন নতুন করে বিতর্কিত ব্যক্তিদের এর দায়িত্বে বসানো হয়েছে।
আইনি প্রক্রিয়া ও তদন্তের আশ্বাস
বিরোধী দলের এসব অভিযোগের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ব্যাংকের চেয়ারম্যান থেকে শুরু করে পরিচালনা পর্ষদের সদস্যদের বিষয়ে ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ক্ষমতা রয়েছে। এ নিয়ে কোনো আপত্তি থাকলে তা আইনি প্রক্রিয়ায় মোকাবেলা করতে হবে।
তিনি আরও অভিযোগ করেন, ইসলামী ব্যাংককে কেন্দ্র করে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে ইস্যু তৈরির চেষ্টা করছে।
ইসলামী ব্যাংকের শেয়ার ও মালিকানা কাঠামো নিয়ে চলমান বিতর্ক প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেন:
- তদন্ত ও দুদকের ভূমিকা: শেয়ার কেনাবেচা, মালিকানা পরিবর্তন কিংবা অনিয়মের কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তা অবশ্যই তদন্তের বিষয়। প্রয়োজনে দুর্নীতি দমন কমিশন (দুদক)-ও এসব অভিযোগ খতিয়ে দেখতে পারে।
- তথ্য প্রকাশের প্রয়োজনীয়তা: ইসলামী ব্যাংকের শেয়ারহোল্ডিং কাঠামো নিয়ে বর্তমানে বিভিন্ন তথ্য সামনে আসছে। তাই প্রকৃত তথ্য ও পরিসংখ্যান জনসমক্ষে প্রকাশ করা প্রয়োজন।