মোঃ রফিকুল ইসলাম, সাতক্ষীরাঃ প্রস্তাবিত পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরা জজ কোর্টের কর্মচারীবৃন্দের কলম বিরতি, মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত রোববার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা জজ কোর্ট চত্বরে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন, সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বিচার বিভাগীয় কর্মচারীরা ন্যায্য পে-স্কেল থেকে বঞ্চিত হয়ে আসছেন। বারবার দাবি জানানো সত্ত্বেও এখন পর্যন্ত প্রস্তাবিত পে-স্কেলের গেজেট প্রকাশ না হওয়ায় কর্মচারীদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।
বক্তারা আরও বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে বর্তমান বেতন কাঠামো দিয়ে সংসার পরিচালনা করা অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছে। তাই অবিলম্বে প্রস্তাবিত পে-স্কেলের গেজেট প্রকাশ করে তা কার্যকর করার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তারা। সংক্ষিপ্ত সমাবেশে জানানো হয়, দাবি আদায় না হলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন মো. শাহিন ইকবাল, জয় চৌধুরী, জেপি পেশকার, সাহিদুর রহমান, মুহিদুল ইসলাম, ফয়সাল কবির, আব্দুল আলিম, বাবলু, নাজমুল, কালুসহ জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মচারীরা।
কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকে নির্দিষ্ট সময় পর্যন্ত কলম বিরতি পালন করা হয় এবং পরে কোর্ট চত্বরে একটি মিছিল বের করা হয়।