মােঃ জানে আলম সাকী,ঢাকা:- ইয়াবা পরিবহনের দায়ে জাহিদা বেগম (২০) নামে এক রোহিঙ্গা তরুণীকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন বরিশালের একটি আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডিত জাহিদা বেগম কক্সবাজারের টেকনাফ আর/সি নয়াপাড়া এইচ ব্লকের ৬৩১ নম্বর শেডের বাসিন্দা।
বুধবার (৩ মে-এর ঘটনার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে) বিকেলে বরিশালের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম এস এম শরিয়ত উল্লাহ এই রায় দেন বলে বেঞ্চ সহকারী রাজিব মজুমদার নিশ্চিত করেছেন।
মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায়, কক্সবাজার থেকে নিয়মিত বাসে বরিশালে আসতেন ওই তরুণী। গোপন সংবাদের ভিত্তিতে গত ৩ মে গভীর রাতে ঢাকা থেকে বরিশালে আসা `মামুন পরিবহন`-এর একটি বাস নগরীর নথুল্লাবাদ সংলগ্ন কলসগ্রাম এলাকায় তল্লাশি করে পুলিশ। এ সময় বাসে থাকা মিয়ানমারের নাগরিক জাহিদা বেগমের আচরণ সন্দেহজনক মনে হলে নারী পুলিশের সহায়তায় তাকে তল্লাশি করা হয়। তল্লাশিকালে তার প্যান্টের পকেট থেকে পাঁচটি প্যাকেটে মোড়ানো মোট এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এই ঘটনায় এয়ারপোর্ট থানার উপ-পরিদর্শক (এসআই) আল আমিন নাঈম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. ছানোয়ার হোসেন গত ২৩ জুন আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।
আদালত এই মামলায় সাতজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও দীর্ঘ শুনানি শেষে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় এই রায় প্রদান করেন।