শনিবার, জুন ২০, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
খাকি প্যান্ট ও নীল-জলপাই রঙের শার্টে ফিরছে পুলিশ, প্রজ্ঞাপন জারি
  Date : 20-06-2026

মােঃ জানে আলম সাকী, ঢাকা:-  চব্বিশের অভ্যুত্থানে ক্ষমতার পটপরিবর্তনের পর গঠিত অন্তর্বর্তী সরকার পুলিশকে ‘তেলে সাজানোর’ অংশ হিসেবে পোশাকের যে পরিবর্তন এনেছিল, তা সাত মাসও টিকল না। পুলিশের আগের পোশাকে ফেরার অনুমোদন দিয়ে বৃহস্পতিবার এ বাহিনীর সদর দফতর থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।​প্রজ্ঞাপনে জানানো হয়েছে, জেলাসহ অন্যান্য ইউনিটের পুলিশের জন্য হবে গাঢ় নীল রঙের শার্ট। আর সকল মেট্রোপলিটন পুলিশের শার্ট হবে হালকা অলিভ বা জলপাই (লাইট অলিভ) রঙের। তবে জেলা ও মেট্রোপলিটন—উভয় ক্ষেত্রেই সকল পুলিশ সদস্যের প্যান্টের রঙ হবে খাকি। এই সিদ্ধান্ত বাস্তবায়নের মধ্য দিয়ে প্রায় ২২ বছর পর পুলিশের পোশাকে আবারও ‘খাকি’ রঙ ফিরছে। তবে এপিবিএন, এসপিবিএন, এসবি, সিআইডি এবং র‍্যাব এই পোশাক পরিবর্তনের আওতামুক্ত থাকবে; তাদের ক্ষেত্রে পোশাকের কোনো পরিবর্তন হবে না।​এর আগে গত ৪ মে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সচিবালয়ে পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্তের কথা উল্লেখ করে জানিয়েছিলেন, মহানগর ও সারা দেশের পুলিশের আগের যে পোশাক ছিল, সেখানে শার্টের রঙ একই থাকবে; তবে সবার প্যান্ট হবে খাকি রঙের। উল্লেখ্য, একসময় ব্রিটিশ সেনাবাহিনীর পোশাকের রঙ খাকি হওয়ার কারণে এ উপমহাদেশে আইনশৃঙ্খলা বাহিনীর পোশাকের প্রতিশব্দ হিসেবে অনেক ক্ষেত্রেই ‘খাকি’ শব্দটি ব্যবহার করা হতো।

পোশাক পরিবর্তনের ইতিহাস ও প্রেক্ষাপট:

২০০৪ সালে বিএনপি নেতৃত্বাধীন সরকারের আমলে পুলিশের খাকি পোশাকে প্রথম বড় পরিবর্তন আনা হয়। সেসময় মহানগর পুলিশের পোশাক করা হয়েছিল গাঢ় নীল শার্টের সঙ্গে খাকি প্যান্ট। অন্য পুলিশ ইউনিটের সদস্যরা পরতেন খাকি শার্ট ও খাকি প্যান্ট। পরবর্তীতে সেই পোশাক পরিবর্তন করে মহানগর পুলিশের জন্য হালকা জলপাই রঙের শার্টের সঙ্গে গাঢ় নীল প্যান্ট চালু করা হয় এবং অন্য সব ইউনিটের পুলিশদের গাঢ় ধূসর শার্টের সঙ্গে গাঢ় নীল প্যান্ট নির্ধারণ করা হয়েছিল।​গত বছরের নভেম্বরে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বের অন্তর্বর্তী সরকার দীর্ঘ ২১ বছর পর ওই পোশাকে পরিবর্তন এনেছিল। ইতিমধ্যে সেই পরিবর্তিত পোশাকের পেছনে সরকারের প্রায় ৭৬ কোটি টাকা খরচ হয়ে গেছে। তবে অন্তর্বর্তী সরকারের সেই পোশাক পরিবর্তনের পর পুলিশের মধ্যে অসন্তোষ ও দাবির মুখে পড়ে তা পুনর্মূল্যায়ন করা হয়। গত ফেব্রুয়ারিতে নির্বাচনে জিতে বিএনপি সরকার গঠন করার পরপরই পুলিশের মধ্য থেকে পোশাক পরিবর্তনের দাবি জোরালো হয়ে ওঠে। গত ২৪ ফেব্রুয়ারি পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন অন্তর্বর্তী সরকারের ওই সিদ্ধান্তকে ‘পুনর্বিবেচনার অনুরোধ’ জানায়। সংগঠনটি তখন এক বিবৃতিতে বলেছিল, অন্তর্বর্তী সরকার পুলিশের জন্য যে নতুন পোশাক নির্বাচন করেছিল, সেখানে পুলিশ সদস্যদের গায়ের রঙ, আবহাওয়া এবং সদস্যদের মতামতকে ‘উপেক্ষা করা হয়েছিল’।

​অবশেষে পুলিশ সদস্যদের দীর্ঘদিনের দাবি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তের প্রেক্ষিতে পুলিশ সদর দফতর থেকে প্রজ্ঞাপন জারির মাধ্যমে আগের ঐতিহ্যবাহী খাকি প্যান্ট এবং নীল ও জলপাই রঙের শার্টের পোশাকেই ফিরে যাচ্ছে বাংলাদেশ পুলিশ।



সংবাদটি পড়া হয়েছে মোট : 3
  
  সর্বশেষ
কেউ যেন নিজের গুরুত্ব বাড়াতে আমাকে টানাহেঁচড়া না করে: লাইলী বেগম
রিজার্ভ চুরি মামলার চার্জশিট নিয়ে যা বলছে সিআইডি
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুনের জানাজা অনুষ্ঠিত
খাকি প্যান্ট ও নীল-জলপাই রঙের শার্টে ফিরছে পুলিশ, প্রজ্ঞাপন জারি

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308