মােঃ জানে আলম সাকী, ঢাকা:- জাতীয় সংসদের বাজেট অধিবেশনে এক অভিনব হাস্যরসের সৃষ্টি হয়েছে। বুধবার (১০ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের চতুর্থ দিনে এই ঘটনা ঘটে।
কার্যপ্রণালী বিধির ৭১ বিধি অনুসারে জরুরি জন-গুরুত্বসম্পন্ন নোটিশ উত্থাপন এবং মন্ত্রীর জবাবের পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম হাস্যরসের ছলে সরকারদলীয় হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে উদ্দেশ্য করে বলেন,
"আপনি মন্ত্রীকে একটা সংক্ষিপ্ত প্রশ্ন করতে পারেন। এমন প্রশ্ন করবেন না যে— ফ্যাসিস্ট সরকারের বিদ্যুৎমন্ত্রী কেন নাটোরে বিয়ে করেন নাই?"
স্পিকারের এমন মন্তব্যে উপস্থিত সংসদ সদস্যদের মধ্যে হাসির রোল পড়ে যায়।
নাটোরে গ্যাস সংযোগের দাবি হুইপ দুলুর
এর আগে জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিশে সরকারদলীয় হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু নাটোর জেলায় গ্যাস সংযোগের তীব্র দাবি জানান। তিনি বলেন, “বাংলাদেশের মধ্যে নাটোর জেলা একটি গুরুত্বপূর্ণ শহর। নাটোর জেলায় বিভিন্ন সরকারি ও বেসরকারি অনেক গুরুত্বপূর্ণ শিল্প প্রতিষ্ঠানের কল-কারখানা রয়েছে; যেমন— নাটোর সুগার মিল, মিল্ক ভিটা, মেঘনা গ্রুপ, প্রাণ আরএফএল গ্রুপ ও কৃষাণ গ্রুপসহ অন্যান্য গ্রুপ। ওই কারখানাগুলোতে নাটোর জেলাসহ সারা বাংলাদেশের অনেক লোকের কর্মসংস্থান রয়েছে।”
তিনি আরও যোগ করেন, “এসব কারখানায় গ্যাস সংযোগ না থাকায় উৎপাদন ব্যাহত হচ্ছে এবং অনেক লোক কর্মসংস্থান হারাচ্ছে। নাটোর শহর বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি পুরাতন শহর, কিন্তু উক্ত শহরের বাসা-বাড়িতে এখন পর্যন্ত গ্যাস সংযোগ দেওয়া হয়নি। নাটোর জেলায় সরকারি ও বেসরকারি শিল্প প্রতিষ্ঠানের বিভিন্ন কল-কারখানাসহ বাসা-বাড়িতে গ্যাস সংযোগ দেওয়া প্রয়োজন।”
বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীর জবাব
হুইপ দুলুর এই নোটিশের জবাবে বক্তব্য রাখেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। মন্ত্রীর জবাব দেওয়া শেষ হওয়ার পরপরই স্পিকার হাফিজ উদ্দিন আহমদ দুলুকে উদ্দেশ্য করে ওই মন্তব্যটি করেন, যা সংসদ কক্ষে দারুণ এক রসালাপের জন্ম দেয়।