মােঃজানে আলম সাকী, ঢাকা:- কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া রাজধানী ঢাকার পর্যটক মো. আবিরের (১৮) লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার পরদিন সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে সৈকতের নাজিরারটেক এলাকায় তাঁর লাশ ভেসে আসে।
নিহত মো. আবির পুরান ঢাকার বাসিন্দা ইলিয়াস মুন্সির ছেলে।
যেভাবে দুর্ঘটনাটি ঘটে
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রবিবার সকালে আট বন্ধুর সঙ্গে ঢাকা থেকে কক্সবাজারে বেড়াতে আসেন আবির। তাঁরা শহরের কলাতলী এলাকার একটি গেস্টহাউসে ওঠেন। এরপর বেলা সাড়ে ১১টার দিকে সব বন্ধু মিলে সমুদ্রসৈকতের সিগাল পয়েন্টে সাগরে গোসল করতে নামেন।
সৈকতে নিয়োজিত জেলা প্রশাসনের `বিচ-কর্মী` মাহবুবুর রহমান জানান, গোসলের সময় আবির একটি টিউবে উঠেছিলেন। হঠাত বড় একটি ঢেউয়ের ধাক্কায় তিনি টিউব থেকে ছিটকে সাগরের পানিতে পড়ে যান। বিষয়টি তাৎক্ষণিকভাবে প্রশাসনের কর্মকর্তাদের অবহিত করা হয়।
উদ্ধার অভিযান ও লাশ শনাক্ত
সি-সেফ লাইফগার্ডের সুপারভাইজার মো. ওসমান গনি জানান, দুর্ঘটনার পরপরই লাইফগার্ড সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। রবিবার দিনভর সাগরে তল্লাশি চালানো হলেও প্রবল স্রোতের কারণে তাঁর কোনো সন্ধান মেলেনি। অবশেষে সোমবার ভোরে নাজিরারটেক সৈকত এলাকায় একটি লাশ ভেসে উঠলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে পরিবারের সদস্যরা আবিরের লাশ শনাক্ত করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহিদুল আলম জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও আনুষ্ঠানিকতা শেষে লাশটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে। তরুণ এই পর্যটকের অকাল মৃত্যুতে তাঁর পরিবার ও বন্ধুদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।