মােঃ জানে আলম সাকী, ঢাকা:- নরসিংদী সদর উপজেলা ভূমি অফিসে (এসিল্যান্ড অফিস) আকস্মিক পরিদর্শনে গিয়ে সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ডসহ কোনো কর্মকর্তা-কর্মচারীর দেখা পাননি ভূমি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব এ এস এম সালেহ আহমেদ। অফিসে এমন অনুপস্থিতি সরকারি নির্দেশনার পরিপন্থী এবং অসদাচরণের শামিল হওয়ায় এসিল্যান্ডসহ ৮ জনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। নরসিংদী জেলা প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে।
রোববার নরসিংদীর জেলা প্রশাসক (ডিসি) ইসরাত জাহান কেয়া স্বাক্ষরিত এক অফিস আদেশে এই আটজনকে শোকজ বা কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
শোকজ পাওয়া কর্মকর্তারা হলেন:
১. সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড মেফতাহুল হাসান
২. কানুনগো মো. খলিলুর রহমান
৩. উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তা (প্রেষণে) হিল্টলু চন্দ্র বাউল
৪. নাজির কাম ক্যাশিয়ার মো. সাহিদুজ্জামান মৃধা
৫. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. হানিফা ভূঁইয়া
৬. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. মজিবুর রহমান
৭. অফিস সহায়ক মো. মহসিন মিয়া
৮. চেইনম্যান মো. মোবারক হোসেন
ঘটনার বিবরণ: জানা যায়,j রোববার সকাল ৯টার পর ভূমি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব এ এস এম সালেহ আহমেদ নরসিংদী সদর উপজেলা ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে যান। কিন্তু সেখানে গিয়ে তিনি এসিল্যান্ডসহ ওই ৮ স্টাফের কাউকেই কর্মস্থলে উপস্থিত পাননি।
ভূমি সচিব এ এস এম সালেহ আহমেদ সংবাদমাধ্যমকে বলেন, “আজকে হঠাৎ নরসিংদী সদর এসিল্যান্ড অফিস পরিদর্শনে গিয়ে আট কর্মকর্তা-কর্মচারীর কাউকেই পাইনি। পরে জেলা প্রশাসনকে জানালে আটজনকে শোকজ করা হয়।”
জবাব দেওয়ার সময়সীমা ও বিধিমালা: অফিস নোটিশে উল্লেখ করা হয়, এমন আচরণ সরকারি কর্মচারী বিধিমালা, ২০১৯ এবং সচিবালয় নির্দেশমালা-২০২৪ মোতাবেক অসদাচরণের শামিল। কেন তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর চিঠি পাঠানো হবে না, তা আগামী তিন কার্যদিবসের মধ্যে লিখিতভাবে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে নরসিংদীর জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া জানান, সরকারি দপ্তরে যথাসময়ে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করে সেবা বৃদ্ধির জন্য জেলা প্রশাসন সর্বদা প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।