মােঃ জানে আলম সাকী, ঢাকা:- স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাঠানো আদদ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের নোটিশ আইনিভাবে মোকাবেলা করা হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির লিগ্যাল টিমের সদস্য ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
শনিবার (৬ জুন) আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
আইনি প্রক্রিয়ার মাধ্যমে জবাব দেওয়ার ঘোষণা
সংবাদ সম্মেলনে শিশির মনির বলেন, আদদ্বীন হাসপাতালে ছয় শিশু মৃত্যুর ঘটনায় সরকারের পক্ষ থেকে একটি তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে আদদ্বীন হাসপাতালকে ৭২ ঘণ্টার ভেতরে কারণ দর্শাতে (শো-কজ) বলা হয়েছে যে— কেন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হবে না।
তিনি জানান, আগামীকাল বিকাল ৫টার মধ্যে এই কারণ দর্শানোর জবাব দেওয়ার জন্য চিঠি পাঠানো হয়েছে। ওটা যেহেতু একটা লিগ্যাল প্রসেস (আইনি প্রক্রিয়া), তাই এটি হাসপাতাল কর্তৃপক্ষ সম্পূর্ণ লিগ্যালি (আইনিভাবে) মোকাবেলা করবে।
নির্দিষ্ট আইনের অধীনেই মোকাবেলা
আইনজীবী শিশির মনির আরও উল্লেখ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যে আইনের অধীনে তারা এই নোটিশ দিয়েছে, ঠিক ওই আইন অনুযায়ীই এটিকে আইনিভাবে মোকাবেলা করা হবে।